সারাদেশে চলমান অবরোধে শনিবার রাত থেকে রবিবার সারাদিন ও সন্ধ্যারাতে দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়কে যানবাহনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর আশপাশের অঞ্চল থেকে শুরু করে বহু দূরবর্তী অঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বহুসংখ্যক যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের এএসপির গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
ইত্তেফাক রিপোর্ট জানান, রবিবার আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৭টার দিকে গ্রামীণ সেবা পরিবহনের যাত্রীবাহী বাস সাভার থেকে জিরানী বাজার যাওয়ার পথে ডেইরি গেট এলাকায় পৌঁছামাত্র কয়েক দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। তারা প্রথমে ভাংচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। বাসের যাত্রীরা নেমে যায়। গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
ধামরাইয়ে যাত্রীবাহী
বাসে অগ্নিসংযোগ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের সুতিপাড়ায় শনিবার রাতে ঢাকাগামী ‘নিরাপদ পরিবহনে’র যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের যাত্রীরা লাফিয়ে নেমে পড়ে ও সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার ধামরাই থানার ওসি জানান, এ ঘটনায় জয়পুরার জসীম ও বাথুলীর হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে।
ঘাটাইলে পুলিশের গুলি
১৫ গাড়ি ভাংচুর
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, রবিবার দুপুরে অবরোধের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিলে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে ৬ জন। পুলিশ বিএনপির ৮ কর্মীকে আটক করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ সমার্থক ও নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় অবরোধ সৃষ্টি করে কমপক্ষে ১৫/২০টি গাড়ি ভাংচুর করেছে। রবিবার দুপুরে ঘাটাইল উপজেলা বিএনপি নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালনের জন্য দলীয় কার্যালয়ে সমবেত হন। ৫ শতাধিক নেতাকর্মী বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি কলেজ মোড়ে পৌঁছলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় মিছিলে থাকা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস, ট্রাক ও সিএনজি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের বাধার মুখে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা উপজেলার কলেজ মোড়, বীরঘাটাইল, গুণগ্রাম, বানিয়াপাড়া, পোড়াবাড়ী, কুশারিয়াসহ বিভিন্ন এলাকায় অবরোধ সৃষ্টি করে ১৫/২০টি গাড়ি ভাংচুর করে। বাসের হেলপারসহ ৬ জন আহত হয়।
নন্দীগ্রামে গাড়িতে আগুন
জাসদ নেতা আহত
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে বগুড়ার নন্দীগ্রামে জাসদ নেতার প্রাইভেট কার অবরুদ্ধ করে হামলা চালানো হয়। এতে জাসদ নেতা জিয়াউল হক শাহীন ও রেজা আহম্মেদ আহত হয়েছেন। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সাধীন। শনিবার রাত ১১টার দিকে বগুড়া থেকে প্রাইভেটকার যোগে জাসদ নেতা জিয়াউল হক শাহীন ও রেজা আহম্মেদ বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম দামগাড়া এলাকায় মহাসড়কে পৌঁছলে দুর্বৃত্তরা গাছ ফেলে গতিরোধ করে। দুর্বৃত্তরা জিয়াউল হক শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও রেজা আহম্মেদকে বেদম মারপিট করে টাকা ছিনিয়ে নেয়। প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। নিমেষেই পুরো কার পুড়ে যায়। আহত জাসদ নেতা জিয়াউল হক শাহীন বলেন, অবরোধকারী ২৫/৩০ জন মহাসড়কে গাছ ফেলে আমাদের মারপিট করে। আমার প্রাইভেট কারটিতে আগুন জ্বালিয়ে দিয়েছে।
চাটমোহরে ট্রাক ভাংচুর
চালক আহত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে অবরোধকারীরা চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি ট্রাক ভাংচুর করেছে। ঢিলে মারাত্মক আহত হয়েছেন ট্রাকচালক পাবনার কাশিনাথপুর গ্রামের হালিম শেখ (৪০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাটমোহর থানা পুলিশ শনিবার রাতে জামায়াত ও বিএনপির ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
জয়পুরহাটে বাস ও ট্রাকে আগুন
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে শনিবার রাতে শহরের বাজলা স্কুলের সামনে পার্ক করে রাখা দূরপাল্লার বাস ‘শ্যামলী পরিবহনে’ এবং জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া নামক স্থানে রড বোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। শহরের প্রধান সড়কে বাজলা স্কুলের সামনে পার্ক করে রাখা ‘শামলী পরিবহনে’র খালি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা। এ বাসের আগুন নেভানোর আগেই রাত ৯টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া নামক স্থানে রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।
বাবুগঞ্জে পুলিশের জিপ
ও যাত্রীবাহী বাসে হামলা
বরিশাল অফিস ও বাবুগঞ্জ সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমপুর ব্রিজের সন্নিকটে শনিবার রাতে বরিশাল (সদর) সার্কেলের সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে গাড়ির গ্লাস ভেঙে সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার ও চালক মোঃ মহসিন আহত হয়েছেন। জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার তার দায়িত্ব পালনকালে দেখতে পান অবরোধকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এসময় তিনি গাড়ি নিয়ে সামনে অগ্রসর হলে অবরোধকারীরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে সহকারী পুলিশ সুপার ও গাড়ির চালক আহত হন। একই রাতে একই এলাকায় যাত্রীবাহী মেঘনা পরিবহনের বাসে হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে যাত্রীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
রূপগঞ্জে গাড়ি ভাংচুর
ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় রবিবার যুবদলের কর্মী-সমর্থকরা ককটেল বিস্ফোরণ ও ২টি গাড়ি ভাঙচুর করেছে। হতাহতের ঘটনা ঘটেনি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমায় পাথরবোঝাই
ট্রাকে আগুন
দক্ষিণ সুরমা (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের দক্ষিণ সুরমায় পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সিলেট থেকে ছেড়ে যাওয়া পাথরবোঝাই ট্রাক সিলেট-ঢাকা মহাসড়কের গালিমপুর নামক স্থানে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে ৪-৫ জন যুবক ট্রাকটির গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভায়। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।
মোহনগঞ্জে ট্রাক্টরে আগুন
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কের বিরামপুর নামক স্থানে রবিবার বেলা ১১টায় দুর্বৃত্তরা একটি ইটবাহী ট্রাক্টরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাক্টরের চালকের নিকট থেকে চাবি ছিনিয়ে নেয় এবং চালককে মারধর করে। দুর্বৃত্তরা ট্রাক্টরটিকে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
মঠবাড়িয়ায় বাস ভাংচুর
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, অবরোধের পঞ্চম দিনে পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবহনের একটি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী বনফুল বাসে উপজেলার দেবীপুর সিনিয়র মাদ্রাসার সামনে বসে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সামনের গ্লাস ভেঙে যায়। বাসের মধ্যে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জে পুলিশের গুলি
আহত ১০, গাড়ি ভাংচুর
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ৫টি গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে শহরের ২নং পুল বাইপাস সড়কে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করে। মিছিল শেষে তারা গাড়ি ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আটকের চেষ্টা চালায়। তখন নেতাকর্মীরা তাকে নিয়ে যায়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। এতে এনামুল হক সেলিম ও যুবদল নেতা সামছুল ইসলাম মতিন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ জুয়েল মিয়া নামে একজনকে আটক করে। অপরদিকে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে অন্তত ৫টি গাড়ি ভাংচুর করে।
সোনাইমুড়িতে মোটর সাইকেল ভাংচুর
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী জেলার সোনাইমুড়ির নদনাবাজারে শনিবার রাতে অবরোধকারীরা কেমিকো ফার্মাসিটিক্যালস-এর জেলা ম্যানেজার আনোয়ার হোসেনের মোটর সাইকেলসহ তিনটি মোটর সাইকেল ভাংচুর করেছে। আনোয়ার হোসেন ডিউটিশেষে সোনাইমুড়ি থেকে চাটখিলে আসার পথে অবরোধকারীরা এই ভাংচুরের ঘটনা ঘটায়।
দিনাজপুরে ৫টি ট্রাক
ভাংচুর অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে দিনে পুলিশ প্রহরায় চলছে ট্রাকসহ স্বল্পসংখ্যক যানবাহন। শনিবার দিনাজপুরে অবরোধকারীরা ২টি ট্রাকে অগ্নিসংযোগ ও ৩টি ট্রাক ভাংচুর চালিয়েছে। ট্রাক ভাংচুরের সময় ৩ জনকে আটক করেছে বিজিবি। গতকাল দিনাজপুরে নাশকতার অভিযোগে পৌর বিএনপি’র সভাপতি সোলায়মান মোল্লা (চ্যাম্পিয়ন)সহ জামায়াত-বিএনপি’র ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লাপাড়ায় বেবিট্যাক্সিতে আগুন
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল চলাকালে বগুড়া-নগড়বাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রাবাহী একটি সিএনজি অটোরিক্সায় আগুন দিয়েছে হরতালকারীরা। রবিবার সকাল ১০টায় উল্লাপাড়া পৌর এলাকার বিজ্ঞান কলেজের পাশে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এলাকায় অবরোধকারীরা অটোরিক্সাচালক খোকনকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর হামলার অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এনায়েতপুরে অটোরিক্সা
ও দোকান ভাংচুর
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের এনায়েতপুরের সৈয়দপুর এলাকায় পুলিশ-আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ২টি সিএনজি অটোরিক্সা ও ২টি দোকান ভাংচুর করেছে বিএনপি কর্মী-সমর্থকরা।
শায়েস্তাগঞ্জে মাছবাহী
ট্রাকে আগুন
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উলুকান্দি রেল গেটে অবরোধকারীরা মাছ বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা অবরোধকারীরা গাড়িটি আটক করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। ৪ অবরোধকারীকে আটক করেছে পুলিশ।
লালমনিরহাটে সকাল-সন্ধ্যা
হরতাল পালিত
লালমনিরহাট প্রতিনিধি জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে রবিবার জেলা বিএনপির ডাকে লালমনিরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে সদর উপজেলার মহেন্দ্রনগর ও দুড়াকুটি এলাকায় হরতালকারীরা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। শনিবার রাতে পুলিশ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাবুসহ ১৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে। বিকেলে সদর উপজেলা বড়বাড়ীতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বড়বাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিয়াউল হক পাটোয়ারী।
বেলকুচিতে সকাল-সন্ধ্যা
হরতাল পালন
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি ও পুলিশের সহায়তায় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগে রবিবার সারা জেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ভাংচুর অবরোধের মধ্যে দিয়ে বেলকুচি উপজেলায় পালিত হয়েছে। এ সময় পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। হরতালে সকালে উপজেলার সদরে সূবর্ণসাড়া পেট্রোল পাম্পের কাছে একটি সিএনজি ভাংচুর করে।
নড়াইলে বাস ও ট্রাকে আগুন
পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান আটক
নড়াইল প্রতিনিধি জানান, রবিবার ভোরে নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চালক সালাম সরদার আহত হন। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার কাউন্টার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঈগল পরিবহনের নৈশকোচে নড়াইল-লক্ষ্মীপাশা সড়কের হাতিরবাগান নামক স্থানে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে বাসটি ভস্মীভূত হয়। এ সময় অগ্নিদগ্ধ যশোরের চাড়াভিটা এলাকার হবি খান (৫৫) ও শুখদেবকে (৪৫) উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
দেবিদ্বারে পুলিশের গুলি
কুমিল্লা প্রতিনিধি জানান, রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও বরুড়ায় ১০টি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া জেলার দেবিদ্বারে ছাত্রদলের সাথে পুলিশ-ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় দোকানপাটসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ২০ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার সকাল ৮টায় ২০ দলের অবরোধ চলাকালে দেবিদ্বার উপজেলা সদরে ছাত্রদলের কর্মী-সমর্থকরা কিরিচ, রামদা, চায়নিজ কুড়াল, রড লাঠিসহ একটি মিছিল নিয়ে দেবিদ্বার এসএ সরকারি কলেজ হোস্টেল ও কলেজ রোডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া করে। এ সময় ছাত্রদল পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় যুবলীগ কর্মী মালু মিয়াকে ছাত্রদল কর্মীরা কুপিয়ে আহত করে। সংঘর্ষের ছবি তোলার সময় স্থানীয় সাংবাদিক মো. আক্তার হোসেন ও ফখরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন আহত হন। দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পুলিশ বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার হরিশ্চরে ৪টি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। এছাড়া চৌদ্দগ্রামের মিরশানিতে সবজিবাহী একটি ট্রাকে আগুন দেয়া হয়।
সেনবাগে রাতে অবরোধকারীদের
হামলা, গাড়ি ভাংচুর
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাহারায় নোয়াখালী-ফেনী মহাসড়কসহ সেনবাগ উপজেলার অন্যান্য সড়কে গতকাল রবিবার দিনভর যান চলাচলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলা সদরো প্রধান সড়কে ৪/৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করেছে অবরোধ সমর্থনকারীরা।
লোহাগাড়ায় যানবাহন ভাংচুর
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে অজ্ঞাতনামা মুখোশধারী ১৫/২০ জনের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর দণ্ডায়মান ও যাতায়াতকারী বিভিন্ন যানবাহন ভাংচুর করেছে।
রাজশাহীতে ২৩ নেতাকর্মী গ্রেফতার
রাজশাহী অফিস জানায়, বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরী ও জেলার নয়টি উপজেলা থেকে তাদের আটক করা হয়।
উত্তরাঞ্চল থেকে পণ্যবাহী ট্রাক ঢাকায় পৌঁছানো বন্ধে রাজশাহীর বানেশ্বর, চাঁপাইনবাবগঞ্জের কানসাট ও সিরাজগঞ্জে যমুনা ব্রিজের পশ্চিমপ্রান্ত এই তিন পয়েন্টে কঠোর অবরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ২০ দলীয় জোটের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিনু। গত শনিবার রাজশাহীর সমাবেশে তিনি এই নির্দেশ দিয়ে বলেন, ঢাকা অচল করতে না পারলে সরকারের টনক নড়বে না। বিএনপি সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগের রাজনীতিতে বিশ্বাস করে না।
চাঁপাইনবাবগঞ্জে ১৬৭ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার তিন উপজেলায় গত শনিবার রাতে বিএনপি, জামায়াত শিবিরসহ বিভিন্ন মামলায় ১৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্যামনগরে পাঁচ নেতাকর্মী আটক
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে জামায়াত বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতের বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরায় আটক ৩৯
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপি ও অন্যান্যসহ মোট ৩৯ জনকে আটক করেছে। এর মধ্যে জামায়াত-বিএনপির ৯ জন কর্মী রয়েছে। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
ফরিদপুরে ৪ জন গ্রেফতার
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা জানান, শনিবার রাতে ফরিদপুর থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ৪ জন নেতাকে গ্রেফতার করেছে।
গোদাগাড়ীতে ৯ গ্রেফতার
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াত-শিবিরের ৯ ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট বিএনপি’র সকাল-
সন্ধ্যা হরতাল পালিত
সিলেট অফিস জানায়, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মধ্যে দিয়ে সিলেট বিএনপি‘র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয় সিলেটে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গ্রেফতার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে রবিবার ভোর ৬টা থেকে এ হরতাল হয়। সকালে সড়কে তেমন যানবাহন না থাকলেও বেলা বাড়ার পর কিছু যানবাহন রাস্থায় নামে। দোকানপাট বন্ধ ছিল। রবিবার সকাল ৮টায় নগরীর কুমারপাড়ায় এলাকার কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট জেলা ছাত্রদল নেতা লিটন আহমদের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করে। পরে মিছিলকারীরা রাস্তায় পেট্রোল জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এছাড়াও একই স্থানে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
অগ্নিদগ্ধ আগৈলঝাড়ার কামালের
অবস্থা আশংকাজনক
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, অবরোধে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন প্রাইভেটকার চালক আবুল কালাম (৩৩)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের মৃত আব্দুল হকের ছোট পুত্র। দীর্ঘদিন থেকে আবুল কালাম মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের ভাতিজা নাদিম চৌধুরীর গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডে সন্তান দগ্ধ হওয়ার কথা শুনে শনিবার দুপুরে হাসপাতালে ছুটে যান মা সুফিয়া বেগম ও বোন জাহানারা বেগম।
সিলেটে ককটেল বিস্ফোরণ
সিলেট অফিস জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসার সামনে শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আতঙ্কে আশপাশের বাসার লোকজনের ঘুম ভেঙ্গে যায়। কেউ আহত হয়নি।
শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এটি ককটেল বা বোমা নয়। এটি একটি গ্যাস ল্যাম্প। কেউ হয়তো আতংক সৃষ্টির জন্য ঘটনাটি ঘটিয়েছে। প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরীতে মিছিল বের করে।