গাজীপুরে নদী সুরক্ষায় আন্তঃজেলা কলেজ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর শহরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে রোটারি ক্লাব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান। রোটারি ক্লাব গাজীপুর সেন্ট্রালের সভাপতি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু নাসার উদ্দিন, আন্তর্জাতিক রোটারি ক্লাবের বাংলাদেশ ৩২৮১ এর জেলা গভর্নর আরটিএন, এ.এফ.এম আলমগীর।
পরে ‘আইনের কঠোর প্রয়োগই নদী সুরক্ষার একমাত্র হাতিয়ার’ বিতর্কের বিষয়ে গাজীপুর সরকারি মহিলা কলেজ ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হয়। রানারআপ দল গাজীপুর সরকারি মহিলা কলেজের গ্রুপ লিডার আতিয়া বিলকিস শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে রোটারি ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলের প্রত্যেক প্রতিযোগীকে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড ও বিজয়ী ট্রফি এবং রানারআপ দলের প্রত্যেক প্রতিযোগীকে চার হাজার টাকার প্রাইজবন্ড ও রানারআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়া শ্রেষ্ঠ বক্তাকে ল্যাপটপ উপহার দেওয়া হয়।