বড়পুকুরিয়া কয়লাখনি মামলা

১৩ মার্চ খালেদা জিয়াসহ সকল আসামিকে হাজিরার নির্দেশ

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় আগামী ১৩ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল আসামিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এএসএম রুহুল ইমরান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা দেওয়া হয়েছে।

গতকাল এ মামলার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল। দুদক কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, অন্য একটি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ায় তিনি এ মামলায় জামিনে আছেন। তাছাড়া গত ১১ বছর এই মামলার বিচার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত ছিল। সোমবার একটি বেঞ্চ ওই স্থগিতাদেশ তুলে নিয়ে  ৬ মাসের মধ্যে বিচার কাজ শেষের আদেশ দিয়েছে। এরপর আদালত উপরোক্ত আদেশ দেয়।