ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শরিক বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল বললেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নিজের পায়ে দাঁড়াতে বলেছেন। ভালোই হয়েছে, একটু পা কাঁপলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি।’ গতকাল মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের শুরুতে তিনি একথা বলেন। বাদলের এই বক্তব্যের সময় সংসদে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে হাসতে দেখা যায়।
উল্লেখ্য, বাদল দীর্ঘদিন ধরে অসুস্থ। উঠতে-বসতে তার সমস্যা হয়। মাঝে-মধ্যে তিনি সংসদে বসেও বক্তব্য রাখেন। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে মাইক দেওয়ার পর তিনি কষ্ট করে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখেন।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বাদল বলেন, আমার মনে হচ্ছে আমরা অনেক জায়গায় সংবিধান লঙ্ঘন করছি কিনা, এটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে। সংসদকে সমন্ত কিছুর কেন্দ্রবিন্দু করতে হলে সংসদ সদস্যদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রের সমস্ত সম্পদ উচ্চবিত্তদের হাতে হস্তান্তরিত হচ্ছে। আমরা সমাজকে এমনভাবে এগিয়ে এনেছি এক টাকা চুরি করলে বলি চোর। আর ১শ কোটি টাকা চুরি করলে বাপের ব্যাটা। খালেদা জিয়া দুর্নীতির মামলায় ৫৮ বার সময় চেয়ে পেয়েছেন। আমি মামলা খেলে কতবার সুযোগ দেওয়া হয় দেখবো। আমাদের দেশে একটি দুষ্টুচক্র সৃষ্টি হয়েছে। এই দুষ্টু চক্রের গ্রন্থিতে প্রচণ্ড আঘাত হানা উচিত এবং এখনই আঘাত হানতে হবে।