আরেকটি ‘সীমান্ত হাট’ উদ্বোধন করা হচ্ছে

 
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের লক্ষ্যে আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর সীমান্তে (বাংলাদেশের ফেনী জেলার পূর্ব মধুগ্রাম) আরেকটি ‘সীমান্ত হাট’ উদ্বোধন করা হবে। এটি হবে দুই দেশের মধ্যে তৃতীয় সীমান্ত হাট। বাংলাদেশের সাথে ভারতের অন্য দুইটি সীমান্ত হাট মেঘালয় সীমান্তে।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তার ভারতীয় প্রতিপক্ষ নির্মলা সীতারামান যৌথভাবে এ সীমান্ত হাটের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, দু’দেশের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সোমবার সচিবালয়ে বানিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন সাংবাদিকদের এসব কথা জানান।
ভারতকে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশ বিদ্যমান সম্পর্ককে জোরদারের লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা ভারত থেকে পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য আমদানি করি। আমরা ভারতে রপ্তানি বৃদ্ধির চেষ্টা করছি।
তোফায়েল আহমেদ বলেন, তামাক ও এ্যালকোহল ব্যতীত বাংলাদেশকে বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে ভারত।
অন্যদিকে, বাংলাদেশকে খুবই ঘনিষ্ঠ ও গূরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে হাইকমিশনার পঙ্কজ শরন বলেন, চতুর্থ সীমান্ত হাটটি নির্মানাধীন রযেছে।