লক্ষ্মীপুরে ছাত্রলীগের হরতাল

জেলা ছাত্রলীগের কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে গতকাল সোমবার লক্ষ্মীপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা। হরতালের সমর্থনে দুপুরে জেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম এ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলের শুরুতে বক্তব্য দান কালে আশরাফুল নতুন কমিটি বাতিল না করলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়।

এরপর লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মাদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।