নওগাঁর পোরশায় সোমবার ৮০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১৪-পত্নীতলা ব্যাটলিয়ন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পত্নীতলা ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান ইত্তেফাককে জানান, সোমবার সন্ধ্যায় পোরশা উপজেলার পার্বতী বাজার এলাকায় একটি মূল্যবার মূর্তি পাচারের উদ্দেশ্যে নিয়ে আনা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাত ১০ টার দিকে এক অভিযান চালানো হয়। এমন সময় তাদের উপস্থিতি টের পেয়ে বাজার এলাকা থেকে কয়েকজন পাচারকারী মাঠের মধ্যে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশী চালালে বাজার এলাকার রাস্তা সংলগ্ন পরিত্যক্ত একটি মাটির ঘর থেকে ৮০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা সম্ভব হয়। মূর্তিটির মূল্য ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান জানান।