টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

 
বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে পৃথক দুইটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের ইয়ার আলীর পুত্র নুর মোহাম্মদ (২৫) এবং পাবনা জেলার বেসরকারী সংস্থা হযরত ওমর ফাউন্ডেশনের অ্যম্বুলেন্স চালক ইজাজুল ইসলামের পরিচয় পাওয়া গেছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান ইত্তেফাককে বলেন, ঘন কুয়াশার কারনে সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাক-ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালেৈ নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
তিনি আরো জানান, সাড়ে আটটার দিকে একই এলাকায় পাবনা জেলার হযরত ওমর ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স একটি ট্রাকের পিছনে সজোরে ঠাক্কা দিলে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়। আহত হয় অ্যাম্বুলেন্সে থাকা আরো পাঁচজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন সংলগ্ন পাথাইলকান্দি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মুসা (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার সল্লা গ্রামে।