সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসে পোট্রাল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সেবারহাট বাজারে নোয়াখালী-ফেনী মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসের চালক ইসমাইল হোসেন (৩৫) ও সুপারভাইজার আবুল কাশেমকে (২৬) মারধর করে গাড়ী থেকে নামিয়ে দেয়া হয়। এতে তারা দুজনই আহত হয়।
মাইক্রোবাসের চালক ইসমাইল হোসেন ইত্তেফাককে জানান, তারা নোয়াখালী এলাকার পত্রিকা বিলি করে ফেরার পথে সকাল সাড়ে ৬টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে পৌঁছলে একদল দুর্বৃত্ত সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে মাইক্রোবাসটি থামায়। এক পর্যায়ে তাকে (চালক) ও সুপার ভাইজারকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। একই সময় কয়েকজন মিলে মাইক্রোবাসের কাঁচ ভেঙে ফেলে। এরপর তারা পেট্রোল ঢেলে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা সংবাদপত্রবাহী গাড়িতে আগুন দিয়ে বিনা বাধায় ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর প্রায় বিশ মিনিট পর টহল পুলিশ সেখানে পৌঁছে।
সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।