খুনের পর আত্মহত্যা চেষ্টাকারী আহত তরুণের মৃত্যু

 
নোয়াখালীর সেনবাগে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে এক তরুণীকে হত্যার পর আত্মহত্যা চেষ্টাকারী আহত তরুণ মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের রিপন চন্দ্র দাশ (২৬)  একই এলাকার সুরেশ চন্দ্র দাসের মেয়ে অর্চনা রানী দাসকে (২৩) প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু অর্চনা এতে সায় না দেয়ায় রিপন গত শনিবার সকালে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই অর্চনার মৃত্যু হয়। এসময় রিপন চন্দ্র নিজেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। এরপর এলাকাবাসী গুরুতর আহত রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ রিপনকে উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ সকালে সে মারা যায়।
সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।