আর্থিক বিবেচনায় দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত ৫০ শতাংশ বিশেষ ভাতা পেতে যাচ্ছেন। প্রয়োজনীয় দক্ষ জনবল প্রাপ্তি এবং উচ্চ প্রযুক্তিঘন প্রকল্প বিবেচনায় এ ভাতা প্রদান করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রেষণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার সঙ্গে অতিরিক্ত ৫০ শতাংশ ভাতা প্রদানের জন্য গত বছর অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ জানায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এরপর বিষয়টি যাচাই বাছাই ও একনেকে অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়। এ ধারাবাহিকতায় সম্প্রতি পরিকল্পনা কমিশন নিজেদের মতামত জানিয়ে বলে, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রকল্পের জনবল নিয়োগ প্রয়োজন। প্রকল্প বাস্তবায়ন ইউনিটের জনবলের যোগ্যতা ও অভিজ্ঞতা পুনঃনির্ধারণ সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। কমিশন আরো বলে, প্রকল্পটি উচ্চ প্রযুক্তিঘন এবং ঝুঁকিপূর্ণ বিধায় প্রকল্পের বাস্তবায়ন ইউনিটে সরাসরি, প্রেষণে কিংবা সংযুক্তি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সকলের জন্য ৩০ শতাংশ প্রকল্প ভাতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থ বিভাগও একই সুপারিশ করেছে।