সংসদীয় গণতন্ত্র চর্চায় শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। শেখ হাসিনাই প্রথম সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট প্রশ্নোত্তর (বুধবার) পর্ব চালু করেন। নির্বাহী বিভাগের কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে কার্যপ্রণালী বিধিতে সংশোধন এনে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে তিনি নব অধ্যায়ের সূচনা করেন।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ সংসদে প্রথমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্যদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)।

ওরিয়েন্টেশন কর্মসূচিতে কার্যপ্রণালী বিধি, প্রশ্ন জিজ্ঞাসা, তারকা চিহ্নিত প্রশ্ন, ৭১ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, আচরণ বিধিসহ উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ.বি তাজুল ইসলাম।