বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে ব্যবসায়ীদের সাথে সে দেশের শুল্ক কর্মকর্তা কর্তৃক হয়রানির প্রতিবাদে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলো বন্দর ও শুল্ক বিভাগের সকল কাজকর্ম বন্ধ করে দিয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে কোনো আমদানি-রফতানি বাণিজ্য হয়নি। পচনশীল পণ্য নিয়ে সীমান্তের দু-পাশে আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক।
ভারতের পেট্রাপোল কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল বন্দরের কাষ্টমস এর সহকারী কমিশনার সুশীল কান্ত কুমার রফতানি বাণিজ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে প্রায়ই দুরব্যবহারসহ অহেতুক হয়রানি করে থাকেন। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার না হওয়ায় আমদানি -রপ্তানি বাণিজ্য বন্ধ করা হয়েছে। প্রতিকার না হওয়া পর্যন্ত সকল কাজ কর্ম বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোষ্ট কাষ্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ভারতীয় ব্যবসায়ীদের সাথে সে দেশের কাষ্টমস্ কর্মকর্তাদের গোলযোগ হওয়ায় সকাল থেকে দু-দেশের মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দু-দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক।