ব্যাংকিং সুবিধায় নির্বিঘ্নে কেনাকাটার সুযোগ মিলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। পকেট ভর্তি টাকা না নিয়ে এসেও অনেক ক্রেতারা নিয়ে যাচ্ছেন ব্যাগ ভর্তি পণ্য। মেলায় অংশগ্রহণকারী বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথের সুবিধায় এসব সম্ভব হচ্ছে। ক্রেতাদের কেনাকাটা করতে চাহিদা মতো টাকা তোলা ও বিক্রেতাদের বিক্রয়লব্ধ টাকা জমা দেয়ার মতো কাজ চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এছাড়াও গ্রাহকের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প সম্পর্কেও নানা তথ্য জানানো হচ্ছে মেলায় আগত উত্সাহী দর্শনার্থীদের।
মেলায় ব্যাংকগুলোর এ ধরনের সহজলভ্য সেবা পেয়ে ক্রেতা দর্শনার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবারের মেলায় গ্রাহকদের এ সুযোগ দিচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক ও মধুমতী ব্যাংক।
মাসব্যাপী এ মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান থেকে রাজস্ব সংগ্রহের সেবা দিচ্ছে কেবল মাত্র সোনালী ব্যাংক। প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা ব্যাংকের প্যাভিলিয়নে গিয়ে টাকা জমা দেন। মঙ্গলবার পর্যন্ত মোট ১৫ লাখ ৭৩ হাজার ৫৮২ টাকা জমা পড়েছে। এছাড়া ব্যাংকটির লোকাল অফিসে যাদের হিসাব নম্বর আছে তারা টাকা জমা দিতে পারছেন মেলার এ ব্যাংকের মিনি প্যাভিলিয়ন থেকে। এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তা মো. শাখওয়াত হোসেন বললেন, ‘আমরা ভ্যাট সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভ্যাট সংগ্রহ করা হয়।
এদিকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স তাত্ক্ষণিক ও নিরাপদে পরিশোধে জনতা ব্যাংক দিচ্ছে নানা তথ্য সেবা। ব্যাংকের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিরা সহজ শর্তে ওয়েজ অর্নারস ডেভলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ক্রয় করার নানা তথ্য সেবা দেয়া হচ্ছে গ্রাহকদের।
এছাড়া বৈদেশিক মুদ্রা হিসাব খোলা সংক্রান্ত তথ্যাবলী, এমটিআর হিসাব খোলার সুবিধা বৈধ চ্যানেলে টাকা পাঠানোর সুবিধা, অবৈধ চ্যানেলে টাকা পাঠানোর অসুবিধা এনআরবি সম্পর্কে জানা যাচ্ছে প্যাভিলিয়ন থেকে।
ইসলামী ব্যাংকের নান্দনিক প্যাভিলিয়ন থেকে জমা মেশিনের মাধ্যমে টাকা জমা দেয়া, টাকা উত্তোলন, নতুন হিসাব নম্বর খোলা, মোবাইল ব্যাংকিং, দেশব্যাপী অনলাইন নেটওয়ার্ক, ঘরে বসে ব্যাংকিং সুবিধা, ভিসা কার্ড সুবিধা সম্পর্কে জানতে পারছেন গ্রাহকরা। প্যাভিলিয়নের মধ্যে রয়েছে একটি এটিম বুথ।
ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম বারের মতো মেশিনে টাকা জমা নেয়া হচ্ছে। এছাড়া এ বছর গ্রাহকদের সরাসরি মন্তব্য নেয়ার জন্য কমেন্টস বক্সের ব্যবস্থা রেখেছি।
এ বছর মেলায় প্রথম অংশগ্রহণ করছে মধুমতি ব্যাংক লিমিটেড। মধুমতি ডিপোজিট স্কিমসহ সকল প্রকার হিসাব নম্বর খোলা, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা ভিত্তিক হিসাব নম্বর, চেক বই সরবরাহ, পে অর্ডার ইস্যু, ২৪ ঘন্টা এটিএম থেকে টাকা উত্তোলনের সুবিধা মিলছে এ প্যাভিলিয়ন থেকে। এছাড়া রাত ১০ টা পর্যন্ত নিরিবিচ্ছিন্নভাবে টাকা জমা নেয়া হচ্ছে বলে জানান ব্যাংকের কর্মকর্তা মো. ছালাউদ্দিন চৌধুরী।