পুঁজিবাজারের লেনদেনে ইঞ্জিনিয়ারিং খাতের প্রাধান্য

 
 
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো সার্বিক মূল্য সূচক বেড়েছে। এ দিকে, সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত। লেনদেনেও অবদান বেশি ইঞ্জিনিয়ারিং খাতের। এ খাতে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ। ইঞ্জিনিয়ারিং খাতে লেনদেন হওয়া ২৮ কোম্পানির মধ্যে ২০টির শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৯২ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে দু’জন কমিশনার ও চারজন নির্বাহী পরিচালকের দায়িত্ব পুনর্বণ্টন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্বাহী পরিচালক মো. ফরহাদ আহমেদ ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওসকো) উপদেষ্টা মনোনীত হওয়ায় বিভাগগুলো পুনর্বণ্টন করা হয়েছে। কমিশনার মো. আমজাদ হোসেন এখন থেকে  রেজিস্ট্রেশন ও সুপারিভিশন এ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজের (এসআরআই) পাশাপাশি নতুন করেসেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) বিভাগ দেখভাল করবেন। এ ছাড়া কমিশনার মো. আব্দুস সালাম শিকদার আইন ও ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস এ্যান্ড কমপ্লায়েন্সের (সিএমআরআরসি) পাশাপাশি নতুন করে এনফোর্সমেন্ট বিভাগ দেখভাল করবেন।
এ ছাড়া, এখন থেকে নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী আগের দায়িত্বের পাশাপাশি এনফোর্সমেন্ট বিভাগ  দেখভাল করবেন। নির্বাহী পরিচালক আনোয়াররু ইসলাম প্রশাসন ও অর্থ বিভাগ দেখভাল করবেন। নির্বাহী পরিচালক মো. হাসান মাহমুদ করপোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট (সিএফডি) দেখভাল করবেন। আর নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট (আইএডি) দেখভাল করবেন।