বিষাক্ত বর্জ্য ফেলে কৃষি জমি ধ্বংস, অবৈধ মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ও লালমনিরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুই জেলায় এ অভিযান চালানো হয়।
দুদক সূত্র জানায়, দুদকে অভিযোগ আসে যে ভালুকায় এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস এন্ড ডাইং মিলস’ হতে নির্গত বর্জ্যে দূষিত পানিতে গ্রামের শত শত কৃষকের বোরো ধান নষ্ট হয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত টিম সরেজমিনে দেখতে পায় টেক্সটাইল মিলের বর্জ্যে তিন-চার কি.মি. এলাকার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কারখানাটির বর্জ্য পরিশোধন ব্যবস্থা অকার্যকর। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও স্থানীয় প্রশাসন দুদককে নিশ্চিত করেছে।
অপরদিকে লালমনিরহাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ করেছে প্রশাসন। দুদক মহাপরিচালকের নির্দেশে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত টিম ওই এলাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালায়। এ সময় বোমা মেশিন জব্দ করা হয়। দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পরিবেশকেন্দ্রিক দুর্নীতির কারণে দূষণের ভয়াবহতা বাড়ছে। দুদক এ দুর্নীতির বিরুদ্ধেই মূলত অভিযান চালাচ্ছে।