পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুট ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বৃদ্ধির কারণ খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ দুই কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে। নর্দান জুটের বিষয় তদন্ত করবেন বিএসইসির উপপরিচালক মো. ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন। আর অলটেক্সের শেয়ারদর বৃদ্ধি ও অন্যান্য বিষয় তদন্ত করবেন বিএসইসির উপপরিচালক মোল্লা মিরাজ উজ সুন্নাহ এবং সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান।