গাইবান্ধায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ



গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে একটি ধানবোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে ট্রাকের চালকের সহকারী মাহামুদুল হাসান (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। মাহামুদুল হাসান উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীসপুর গ্রামের আফসার আলীর ছেলে।
ট্রাকের চালক বাবু মিয়া জানান, গোবিন্দগঞ্জ থেকে ট্রাকে ধান নিয়ে মহিমাগঞ্জ যাচ্ছিলেন। পথে ওই এলাকায় অপ্সাত স্থান থেকে অবরোধকারীরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার সহকারী মাহামুদুল শরীরের বিভিন্ন  অংশ আগুনে দগ্ধ হয়। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, তবে ট্রাক ও মালামালের কোন ক্ষতি হয়নি।
গোবিন্দগঞ্জ উপজেলা কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান জানান, মাহমুদুল এখন শংকামুক্ত।
তবে গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, পেট্রোল বোমা নয়, দুর্বৃত্তদের ছোড়া বোতল মাথায় গেলে মাহামুদুল আহত হয়েছেন।