নতুন নির্বাচনের দাবিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা

 
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সংসদ নির্বাচনের দাবিতে বর্তমান সরকারের ওপর মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মার্কিন পররাষ্ট্র দফতর ও প্রতিনিধি পরিষদে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। স্থানীয় সময় সোমবার ৪৮ পৃষ্ঠার স্মারকলিপি পৌঁছে দেন যুক্তরাষ্ট্র বিএনপির একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতা শরাফত হোসেন বাবু ও জসিম উদ্দিন ভূঁইয়া। 
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, গোলাম ফারুক শাহীন, আলহাজ্ব লিয়াকত আলী খান ও মোহাম্মদ মুসা। 
স্মারকলিপিতে গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ ঐ নির্বাচনে অংশ নেয়নি। এছাড়া ২০০৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে তার রাজনৈতিক প্রতিপকে ক্রসফায়ারে দিচ্ছেন অথবা গুম করছেন বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া বিএনপিসহ বিরোধী দলের ৫০ সহস্রাধিক নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জেলে নেয়ার কথা, বিনা বিচারে অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মীকে হত্যার বিবরণ রয়েছে স্মারকলিপিতে। ‘অধিকার’সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের রিপোর্ট ছাড়াও বেশ কয়েকটি মিডিয়ার রেফারেন্স দেওয়া হয়েছে স্মারকলিপিতে।