রাবির নবম সমাবর্তন বর্জনের ঘোষণা বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের

 
 
আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল)। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. শামসুল আলম সরকার।
 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘দেশজুড়ে একটি অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভুলুণ্ঠিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। বিরোধী দলমত দমনে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস, নির্লজ্জ মিথ্যাচার ও সংবাদ মাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ চলছে। সরকারের এমন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিরোধী জোটের আহ্বানে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। এতে দেশে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবর্তনে নিবন্ধনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্ভব নয়।’