বুধবার দুপূরে জয়পুরহাট থেকে অপহৃত শিশু রবিউল ইসলাম রাসেলকে (১২) রাতে নওগাঁর উকিল পাড়ায় স্থানীয়রা উদ্ধার করেছে। স্থানীয় সাংবাদিকেরা তাকে নওগাঁ জেলা প্রেসক্লাবে নিয়ে আসেন। পরে খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার এসআই কামরুল ইসলাম এসে শিশুটি জিজ্ঞাসাবাদ করেন। অপহৃত শিশু রাসেল জয়পুরহাট জেলার পলিকাদোয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও পুলিশ লাইনস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
অপহৃত শিশু রাসেল জানায়, স্কুল থেকে দুপূর দেড়টার দিকে বাড়ি ফেরার সময় মুখোশ পরা দুই অপহরণকারী তাকে ধরে মুখ বেঁধে ফেলে। তারপর তাকে একটি মাইক্রোতে তুলে নেয়। সন্ধ্যায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার স্টেশনে নিয়ে আসে। এ সময় অপহরণকারীরা সান্তাহার স্টেশনে মাইক্রোবাসটি থামিয়ে টয়লেটে যায়। রাসেল সুযোগ পেয়ে কৌশলে গাড়ী থেকে নেমে দৌড়ে নওগাঁ শহরের উকিল পাড়ায় চলে আসে। কিন্তু শহরের উকিল পাড়া মহল্লার জামে মসজিদের পাশে বসে রাসেল কান্না করতে থাকে। তার কান্না দেখে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন জমায়েত হয়। তারা রাসেলের মুখে অপহরণের বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের খবর দেয়। স্থানীয় সাংবাদিকেরা তাকে প্রেসক্লাবে নিয়ে আসে এবং তার পরিবারকে জানান। রাসেল আরো জানায়, মাইক্রোবাসে তোলার পর তার চোখ মুখ বেঁধে ফেলে এবং তাকে গলা কেটে নেয়ার ভয় দেখায় অপহরণকারীরা।
নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, সান্তাহার থেকে শিশু রাসেল পালানোর পর অপহরণকারীরা তাকে ধাওয়া করে। কিন্তু মানুষের মধ্যে সুবিধা করতে না পেরে পালিয়ে যায়। রাসেলকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।