ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের এক নেতাকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পাঠান সাতিলসহ (২৭) ১০ জন আহত হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , ঘটনার সময় স্থানীয় সাংসদ আমান উল্লাহ গ্রুপের রওনক সিহাব খাজা ও লুৎফে ওয়ালী রব্বানী ওলি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা গ্রুপের কায়সার আহম্মেদ মনির ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাতিল এর নেতৃত্বে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাতিল (২৭), রুবেল (২২), রফিকুল ইসলাম (২৭) শ্রমিকলীগ নেতা কায়সার আহম্মেদ মনির (৩৫) ,জামান (৩৫), মানিক (২০), সোহেল (৩৫), আনোয়ার (৩৫) ও জামালসহ (৪০) ১০ জন গুলিবিদ্ধ হয়। আহতদের মাঝে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।