গোবিন্দগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: নিহত ১, আহত ৫

রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে একটি ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংর্ঘষে হাসান মাহিন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। নিহত মাহিন রংপুর সদরের সেন্ট্রাল রোডের লিয়াকত আলীর ছেলে।

আহত অ্যাম্বুলেন্স চালক আব্দুল আউয়াল (২৩) সিরাজগঞ্জ সদরের বাসিন্দা। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার শাহাদৎ হোসেন (২৫), বগুড়ার গাবতলী উপজেলার তরফসত্তাস গ্রামের আব্দুল বাসেত (৩০), নিহত মাহিনের মা মাছুমা বেগম (৩০) ও গুরুতর আহত অজ্ঞাত (৩৫) একজনকে  গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ বলেন, মহাসড়কের ওই এলাকায় বগুড়াগামী একটি ট্রাক স্পিড ব্রেকার পার হচ্ছিল। এ সময় রংপুর থেকে সিরাজগঞ্জগামী অ্যাম্বুলেন্সটি ওই  ট্রাকের পিছনে এসে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের যাত্রী শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ অপর ৫ যাত্রী আহত হয়।
তিনি আরো জানান, অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।