চীনা পুলিশের অভিনব প্রচার

খলনায়কদের শায়েস্তা করতে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে একেবারে প্রস্তুত এই নায়কেরা। ঠিক যেন মারদাঙ্গা কোনো একটি সিনেমার পোস্টার। তবে বাস্তবে এটি কোনো সিনেমার পোস্টারও নয়। বরং অ্যাকশনধর্মী সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই নতুন একটি পোস্টার ছাপিয়ে নিজেদের ঢাক পেটাচ্ছে চীনের পুলিশ বাহিনী। সমপ্রতি চী্নের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ব্যাপক আলোড়ন তুলেছে এই পোস্টার। দেশটির উত্তর-পশ্চিমে শিনঝিয়াং প্রদেশের পুলিশ বাহিনীর প্রকাশিত পোস্টারটিতে দেখা যাচ্ছে, অস্ত্রহাতে বেশ দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছেন পাঁচজন পুলিশ সদস্য। আর পেছনে তুষারে ঢাকা পাহাড়ের ছবি দিয়ে তৈরি পর্দায় চীনা ভাষায় লেখা রয়েছে, ‘বিপদ যেখানে, আমরা আছি সেখানে’। পোস্টারের এমন সৃজনশীল ডিজাইন সত্ত্বেও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে পুলিশের পাতায় দাবি করা হচ্ছে, এ দৃশ্য তাদের প্রকৃত প্রশিক্ষণ চলাকালীন ধারণ করা। কিন্তু পুলিশের এ দাবি নিয়ে উইবোতে উঠেছে হাস্যরসাত্মক সমালোচনা। এমনকি নারীরা এই পোস্টারের পুলিশ সদস্যদের উদ্দেশ করে উইবোতে চুমু পর্যন্ত পোস্ট করছেন। - বিবিসি