সিয়েরালিওনে রেডক্রসে কর্মরত এক নার্স ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির পূর্বাঞ্চলীয় কেনামা জেলায় এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।
তবে সেখানে গত ৩৭ দিনে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের আর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা একথা জানায়।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) এক বিবৃতিতে বলা হয়, কেনামায় আইএফআরসি ইবোলা চিকিৎসা কেন্দ্রে কর্মরত ওই নার্স ২০১৫ সালের ১৩ জানুয়ারি মারা যান। তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
রেডক্রস জানায়, তিনি কিভাবে এবং কোথায় এ ভাইরাসে আক্রান্ত হন তা খুঁজে বের করার চেষ্টা চলছে। যে ২৯ জন তার সংস্পর্শে এসেছিলেন তাদের শরীরে ইবোলা ভাইরাসের উপসর্গ দেখা যায় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
জেলা হাসপাতাল কর্মকর্তা মোহাম্মাদ ভ্যান্দি বলেন, ইবোলা ভাইরাসে মারা যাওয়া এ নার্সের পরিবার ও তার সহকর্মীদের ২১ দিন ধরে একটি আলাদা স্থানে নজরদারির মধ্যে রাখা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র আব্বাস মামারা এএফপিকে বলেন, এ নার্সের মৃত্যুর আগে কেনামা জেলায় গত ৩৭ দিনে নতুন করে আর কেউ ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ২০১৪ সালের ৬ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত সেখানে নতুন করে কেউ ইবোলায় আক্রান্ত হয়নি।