মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও দুজনের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। করাচির কেন্দ্রীয় কারাগার ও কোট লাখপাত কারাগারে ওই দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। খবর ডন ডটকমের।
ডন ডটকমের প্রতিবেদনে বলা হয়—ফাঁসিতে ঝোলা দুই আসামির নাম মোহাম্মদ সাঈদ ও জাহিদ। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভির সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশের সাবেক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সায়েদ সাবির হোসেন এবং তার ছেলে সায়েদ আবিদ হোসেন শাহকে হত্যার দায়ে করাচির সন্ত্রাসবিরোধী একটি আদালত ২০০১ সালে সাঈদকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
আর মুলতানে এক পুলিশকে হত্যার দায়ে ২০০৪ সালে মৃত্যুদণ্ড দেয়া হয় জাহিদকে।
প্রসঙ্গত, পেশোয়ারের একটি আর্মি স্কুলে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তালেবান হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী আরও শক্ত অবস্থান নিয়েছে পাকিস্তান। হামলার পরদিনই মৃত্যুদণ্ডের ওপর থেকে ৬ বছরের স্থগিতাদেশ তুলে নেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজের ওই ঘোষণার পর এ পর্যন্ত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১৯ জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তান।