পাচারকালে ধরা পড়ল ব্যাগে লুকোনো স্ত্রী

 
বেশ কয়েক বছর থেকেই স্ত্রীকে ইংল্যান্ডে আনার অনুমতি চেয়ে আবেদন করছিলেন লাটভিয়ার নাগরিক বোগডেন ক্রোইটার। কিন্তু প্রতিবারই তার আবেদন অগ্রাহ্য করা হচ্ছিল। নিজে ইংল্যান্ডে বসবাসের অনুমতি পেলেও কিছুতেই মলডোভিয়ান স্ত্রীকে তার সাথে আসতে দিচ্ছিল না কর্তৃপক্ষ। এমনকি বিনা অনুমতিতে ইংল্যান্ডে প্রবেশ করার সময় দুইবার বাধাও দেয়া হয়।
এর পরই ফন্দি আটতে থাকেন স্বামী বোগডেন। ফ্রান্সের ক্যালাইসে দুইজন দেখা করার পর স্ত্রীর পরিকল্পনা অনুযায়ী একটি বড় ব্যাগ কিনেন বোগডেন। গাড়িতে করে ইংল্যান্ডে ঢোকার সময় সেই ব্যাগে পুরে ফেলেন তার স্ত্রীকে। কয়েকটা চেক পোস্ট পেরিয়ে যেতে পারলেও শেষ রক্ষা হয়নি এই দম্পতির। ব্যাগ খুললেই বেরিয়ে আসেন স্ত্রী। সাথে সাথে বোগডেনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আদালতে। আদালত তার রায়ে জানিয়ে দেয়, বোগডেন ব্রিটেনের আইন ভঙ্গ করেছেন। এ জন্য বোগডেনকে ১৪ মাসের জেল ও ৪০০ পাউন্ড জরিমানা করা হয়। ফ্রান্সে ফেরত পাঠানো হয় ব্যাগের ভেতর থেকে আটক করা স্ত্রীকে। তবে আদালত বিশেষ বিবেচনায় স্বামী বোগডেনের সাজা দুই বছরের জন্য স্থগিত করেছে। সূত্র: ডেইলি মেইল