বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, যে সকল প্রতিষ্ঠান শিক্ষার মান্নোয়নে কাজ করছে, ব্যাংকসমূহ তাদের সিএসআরের একটি অংশ এসব প্রতিষ্ঠানকে প্রদান করতে পারে। এতে দেশব্যাপী শিক্ষা বিস্তারে তাদেরও সামাজিক দায়বদ্ধতা পালন করা হবে।
শনিবার রাজধানীর শেরেবাংলানগর এলজিইডি মিলনায়তনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) পনের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার জন্য সরকার যে বাজেট নির্ধারণ করে তা দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার মান রাতারাতি উন্নয়ন সম্ভব নয়। এজন্য তিনি বেসরকারি ও ব্যক্তিখাতের প্রতিষ্ঠানগুলোকেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান। দেশের সকল শিক্ষার্থী যেন আধুনিক তথ্যপ্রযুক্তি সম্বলিত গুণমানের শিক্ষা গ্রহণের সুযোগ পায়-সেটিই প্রত্যাশা করছি। আর শিক্ষার্থীদের এ সুযোগ তৈরি করে দেয়ার দায়িত্ব সরকারের, সামাজিক প্রতিষ্ঠানগুলোর এবং আমাদের সকলের।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে অনুদান হিসেবে ‘ভাব’কে দশ লাখ টাকার চেক প্রদান করেন।
ড. জামিলুর রেজা চৌধুরী ভাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন,‘ দেশে বিজ্ঞাণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে এ অবস্থার পরিবর্তন দরকার। এজন্য আমরা শিক্ষার্থীদের বিজ্ঞাণ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করছি।’
উল্লেখ্য, ‘ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ’ আমেরিকা প্রবাসী কয়েকজন বাংলাদেশী ও তাদের বন্ধু-বান্ধবদের আর্থিক সহায়তায় পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। ২০০০ সাল থেকে এ পর্যন্ত সংস্থাটি সারাদেশে ১০১টি স্কুলে ১০ হাজার ৪৯৪ জন শিক্ষার্থীকে স্কলারশীপ এবং ষষ্ঠ শ্রেণীর ১০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীকে টিউটরিং দিয়েছে। এর বাইরে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন স্কুলের লাইব্রেরীতে বই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, খেলাধুলার সামগ্রী কম্পিউটার এবং কারিগরি শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে।