নিজের ১০ বছরের মেয়েকে বাড়ির পিছনে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছেন এক বাবা। এই অভিযোগে পাষণ্ড বাবাকে গ্রেফতারও করেছে পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ত্রিপুরায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, কন্যা সন্তান হওয়ার কারণে মেয়েকেই পছন্দ করতেন না ওই ব্যক্তি। তাই নিজের ১০ বছরের মেয়েকে জ্যান্ত মাটিতে পোঁতার চেষ্টা করেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আবুল হুসেন। স্ত্রী কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়িরই পিছনদিকে মাটি খুঁড়তে শুরু করে আবুল। এরপর মেয়ের হাত-পা দড়ি দিয়ে কষে বেঁধে, মুখে টেপ লাগিয়ে ওই গর্তে ফেলে দেয় মেয়েকে। বুক অবধি মাটি দিয়ে ভরাটও করে ফেলেছিল সে। এরই মধ্যে স্ত্রীকে ফেরত আসতে দেখে তাড়াতাড়ি একটি বাঁশের ড্রাম দিয়ে মাটির ভিতর থেকে অর্ধেক বেরিয়ে থাকা মেয়ের শরীর ঢেকে দেয় আবুল। স্বামীর আচরণে সন্দেহ হয় স্ত্রীর। এর পরে প্রতিবেশীদের সাহায্যে মেয়েকে খুঁজে পাওয়া যায়। মাটি থেকে ১০ বছরের মেয়েটিকে তোলার পরেই আবুলকে বেধড়র পেটাতে শুরু করে প্রতিবেশীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ আবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছে। খবর ওয়ান ইন্ডিয়া।