সম্প্রতি ফরাসী ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদোর অফিসে ইসলামপন্থী বন্দুকধারীদের হামলার পর বৃটেনজুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনির মাঝে পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত ব্রিকলেনে গত মঙ্গলবার সকালে একটি কফি শপের মালিককে এক মুসলিম যুবক হত্যার হুমকি দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ব্রিকলেনের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় রামার হাউসে বসবাসরত শাহ জুলহাস (৩০) নামের ওই হুমকি দাতা যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
ব্রিকলেন জামে মসজিদের কাছেই অবস্থিত অ্যান্টিশপ নামের এই কফি শপের মালিক মি. আদেল দেফিলাক্স (৩২) নিজেকে ফ্রান্সে জন্মগ্রহণকারী একজন মুসলিম হিসেবে দাবি করেন। তিনি পুলিস ও সংবাদ মাধ্যমকে জানান, শার্লি হেবদোর প্রতি সমবেদনা জানাতে তার ক্যাফের সামনে ফরাসী ভাষায় লিখিত জনপ্রিয় শ্লোগান 'Je suis Charlie' অর্থ্যাৎ ‘আমিই শার্লি’ প্রদর্শন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এসিয়ান এক মুসলিম যুবক তাকে হত্যার হুমকি প্রদান করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ঘটনার পর থেকে ব্রিকলেন এলাকায় সর্বোচ্চ সতর্ক নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাকে পুলিস ও গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। তদন্তের সার্থে দফায় দফায় যেকাউকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এই ক্যাফের পাশের একটি রেস্ট্রুরেন্ট থেকে তাদের ব্যক্তিগত সি সি ক্যামেরা জব্দের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিস গতকাল ক্যাফেটির চারদিকে অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করেছে।
নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় জনৈক ব্যসায়ী জানান, জুলহাশ নামের এই যুবক স্কুল জীবন শেষ করার পর ড্রাগ সেবনসহ নানা অপরাধে জড়িয়ে পরেছিল। বছর দুয়েক আগে ধর্মে মনোনিবেশ করার পর অপরাধ জগতকে ত্যাগ করেন। গত কয়েক সপ্তাহ আগে তিনি ওমরা হজ্জ পালন করেছেন।
সূত্র আরো জানায়, ব্রিকলেন মূলত মুসলিম অধ্যুষিত এলাকা। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় সহ নানা দেশের মুসলমানদের এখানে বিভিন্ন ব্যবসা রয়েছে। তবে বাংলাদেশী মালিকানাধীন রেস্ট্রুরেন্ট সবচেয়ে বেশি। কারি বা মশলা জাতীয় খাবারের হোটেলের জন্য বিশেষ খ্যাতি রয়েছে ব্রিকলেনের। ব্যবসা কেন্দ্র সহ আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে মুসলিমরাই সংখ্যাগরিষ্ট। পাশেই রয়েছে ইউরোপের ইসলামী দাওয়াতী সদর দপ্তর বলে খ্যত ইস্টলন্ডন মসজিদ। প্রতিদিন দু’টি মসজিদে সহ¯্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন। ফলে এটি একটি ধর্মীয় সেন্টিমেন্ট ইস্যু বলে মনে করেন ব্রিকলেনের মুসলিম অধিবাসীরা।
উল্লেখ্য, ফ্রান্সের প্যারিস ভিত্তিক শার্লি হেবদো সাময়িকীটি ইসলামের নবী মোহাম্মাদের ব্যাঙ্গ কার্টুন প্রকাশ করায় গত সপ্তাহে এর অফিসে বন্ধুকধারিরা হামলা চালিয়ে সম্পাদক ও কার্টুনিস্টদেরকে হত্যা করে প্রতিশোধ নেয়।
অপরদিকে প্যারিস ও বেলজিয়ামে হামলাসহ গত দশ দিনে সংঘটিত বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ব্রিটেন এখন সন্ত্রাসী হামলার চরম ঝুকিঁতে রয়েছে এমন আভাস বিবেচনা করে স্বরণকালের সতর্ক চৌকি বসিয়েছে পুলিস। বিশেষ করে ইহুদি জনগোষ্ঠী বসবাসরত এলাকায় এই নিরাপত্তা চৌকি জোরদার করা হয়েছে বেশি। এমনকি ইহুদি এলাকার স্কুল সমূহে প্রকারন্তরে রেডঅ্যালার্ড জারি করা হয়েছে।
গত ৬ মাসে ব্রিটেন পুলিস অন্তত ৬ টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভণ্ডুল করতে সক্ষম হয়েছে।
লন্ডনের মূলধারার পত্রিকাগুলো জানিয়েছে সন্ত্রাসী হামলার আতঙ্কে ইতোমধ্যে ওয়েস্টমিনিস্টার রয়েল প্যালেসের বাইরে নিয়োজিত রক্ষিদের সরিয়ে ভিতরে নেয়া হয়েছে।