শার্লি এবদো: নাইজারে চার্চে আগুন, নিহত ৫

 
ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো'তে মহানবী হযরত মুহম্মদ (সাঃ)-এর কার্টুন ছাপানোর প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিনে নাইজারে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই নিয়ে দুইদিনে নিহতের সংখ্যা দাঁড়ালো ১০-এ। এছাড়া সেখানকার কয়েকটি গির্জায় আগুন দেয়া হয়েছে। খবর: বিবিসি ও রয়টার্সের।
দেশটির ইসলামি নেতাদের ডাকা একটি প্রতিবাদ সমাবেশ সরকার নিষিদ্ধ করলে দেশটিতে সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীরা প্রথমে নিয়ামির প্রধান মসজিদের সামনে বিক্ষোভ শুরু করে। এরপর এই বিক্ষোভ দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
 
IMG0
 
ফ্রান্সের সাবেক উপনিবেশ নাইজারের নিয়ামির প্রধান মসজিদের সামনে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে চিৎকার করে আরবিতে বলতে থাকে, ‌‌`আল্লাহ মহান'।
নিয়ামি ও আঞ্চলিক শহরের ছয়টি চার্চে আগুন ও লুট করেছে বিক্ষোভকারীরা। এছাড়া অমুসলিমদের মালিকানার বার, হোটেল ও ব্যবসা-প্রতিষ্ঠান হামলার মূল লক্ষ্য ছিল। 
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ বলেছেন, নিহত পাঁচজনের সবাই বেসামরিক। এদের মধ্যে চারজন গির্জা ও বারের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
প্রতিবাদে অংশগ্রহণকারী আমাদু আব্দুল ওয়াহাব বলেছেন, তারা আমাদের নবী মোহাম্মদকে অপমান করেছে, এটি আমাদের পছন্দ হয়নি।
গত সপ্তাহে শার্লি এবদুতো হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করা হয়। হামলার পরবর্তীতে প্রকাশিত ম্যাগাজিনের প্রচ্ছদে মুহাম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, কান্নারত অবস্থায় মুহাম্মদ `আমিই শার্লি' লেখা ধরে আছেন।