ওবামার নিরাপত্তায় দিল্লিতে রাডার, ক্ষেপণাস্ত্র

 
প্রেসিডেন্ট ওবামার সফরকালে সাত স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে গোটা দিল্লি শহর। এমনকি আকাশ পথে যেন কোন হামলার ঘটনা না ঘটতে পারে সেকারণে বিশেষভাবে রাডারের সাহায্যে নজর রাখা হবে। মোতায়েন থাকবে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এক কথায় দিল্লিকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করা হবে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৫ জানুয়ারি দিল্লি পৌঁছবেন বারাক ওবামা। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বারাক ওবামার যোগ দেয়ার কথা রয়েছে।
প্রেসিডেন্ট ওবামার ভারত সফরকালে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লী-আগ্রা মহাসড়কের সমস্ত হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে আজ রবিবার বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা ভারতের পুলিশকে ২৫ জানুয়ারি থেকে তিন দিনের জন্য দিল্লী-আগ্রা মহাসড়কের পাশের সকল হোটেল ও খাবার দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।
শুক্রবার পুলিশ কমিশনার বিএস বাসসির সভাপতিত্বে এক আন্তঃরাজ্য নিরাপত্তা বৈঠকে দিল্লী পুলিশ নিরাপত্তা বজায় রাখতে পার্শ্ববর্তী রাজ্যগুলোর পুলিশের সহযোগিতা চেয়েছে।
শুক্রবার মার্কিন গোয়েন্দা সংস্থা ও সিআইএ’র একটি লিয়াজোঁ টিম দিল্লী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করে আগ্রাগামী সড়কগুলোর নিরাপত্তার ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দিল্লি পুলিশ সূত্র জানায়,সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রজাতন্ত্র দিবস উদযাপনে বিঘ্ন ঘটাতে এসব হোটেল ব্যবহার করতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের আগমনের কয়েকদিন আগেই আগ্রাগামী সকল সড়ক পরিচ্ছন্ন করা হবে।
এছাড়াও নগরীতে অপরাধীদের প্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র টহল বসানো হবে।