শেয়ার কারসাজি বিষয়ে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়

 
 
 
 
শেয়ারবাজার কারসাজির বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি একাধিক চিঠিতে পুঁজিবাজার ধ্বসে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লিখিত যৌথ ইন্সপেকশন দল, অমনিবাস হিসাব, ১৭টি কেইসস্টাডি এবং সম্পদ অধিক মূল্যায়নের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে বিএসইসির কাছে চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুঁজিবাজার ধ্বসে গঠিত তদন্ত কমিটি ২০১১ সালের সুপারিশের আলোকে সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দলের এ যাবত্ কয়টি সভা হয়েছে, কমিশনের চেয়ারম্যানের কাছে কয়টি ইন্সপেকশন রিপোর্ট দাখিল করা হয়েছে, ইন্সপেকশন পরিকল্পনা প্রণয়নে কী কী কার্যক্রম নেয়া হয়েছে, এ সব বিষয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য বলা হয়েছে। এ ছাড়া, পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অমনিবাস হিসাবের (এক অ্যাকাউন্টে অনেকের লেনদেন) শ্যাডো হিসেবে সংঘটিত কারসাজি উদ্ঘাটনে কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং তার অগ্রগতি নিয়মিতভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া, ১৭ কেইস স্ট্যাডি সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশের আলোকে  কেইস স্ট্যাডি পর্বে চিহ্নিত ১৭টি সমস্যার অধিকতর তদন্তের সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন। ওই সুপারিশ অনুযায়ী, কেইস স্ট্যাডি পর্বে চিহ্নিত ১৭টি সমস্যার ওপর দ্রুত শুনানি গ্রহণ করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা কত দিনের মধ্যে সম্পন্ন করা হবে—সে সম্পর্কিত পরিকল্পনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দাখিল করা দরকার।