প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সারা বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার।
সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা আহত হচ্ছেন এবং যারা সংগ্রাম করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, আজকে আমাদের শপথ হোক হাসিনা ও বাকশাল মুক্ত বাংলাদেশ।
স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সালের সঞ্চালনায় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ফিরোজ আহমেদ, আবু সুফিয়ান, যুবদলের নেতা আবু সাঈদ আহমেদ, আমানত হোসেন আমান শেখ হায়দার আলী, রেজাউল আজাদ ভুইয়া প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমাদের আনন্দ-উল্লাস করার কথা। কিন্তু শেখ হাসিনার সরকারে নির্যাতনে আমাদের উল্লাস নেই। দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল আলম।