বিহারে ৩ মুসলমানকে পুড়িয়ে হত্যা

ভারতের বিহারে তিন মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মারার অবিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মুজাফফরপুর জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। খবর: জি-নিউজের।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যক্তি মুজাফফরপুরের বাহিওয়ারা গ্রামে হামলা চালিয়ে প্রায় ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় তিনজন জীবন্ত পুড়ে মারা গেছে। দুইজনকে  আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে, নিম্নবর্ণের এক যুবক মুসলিম মেয়ের সঙ্গে পালিয়ে যায়। রবিবার সকালে পাশ্ববর্তী গ্রাম থেকে ঐ যুবকের  মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, এর জেরেই মেয়েটির গ্রামে হামলা চালিয়ে ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
বিহার পুলিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল গুপ্তেশ্বর পান্ডে জানিয়েছেন, এলাকায় উত্তেজনা থাকলেও এখন তা নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের পরিবারদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে বিহার সরকার।