বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পৃথকভাবে উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ এবং নিউইয়র্ক সিটি বিএনপি। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত পৃথক দুটি আলোচনা সভায় যুক্তরাষ্ট্র বিএনপির বিবদমান নেতা-কর্মীরা অংশ নেন।
জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন এবং দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রাণি বন্ধ এবং তাদের মুক্তি দাবি করেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা হযরত আলী, ম ই শাহীন, আনোয়ারুল ইসলাম আনোয়ার, সৈয়দ রেজা, শাহ আলম, মোহাম্মদ বশির, মো. গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, সালেহ আহমদ মানিক, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
আলোচনা সভা শেষে দলেল প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদিকে নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, জসিম উদ্দিন ভূঁইয়া, ড. শওকত আলী, এম এ খালেক আকন্দ, সাঈদুর রহমান সাঈদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দেশবাসীকে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত জিয়ার সৈনিকেরা ঘরে ফিরে যাবে না।