২০১৫ ও ১৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনর্নিধারণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, ২০১৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৩ শতাংশ কম। অন্যদিকে, ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৩.৭ শতাংশ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ অলিভার ব্লানচার্ড এক বিবৃতিতে বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপিত হবে। কিন্তু ইউরো ও ইয়েনের মূল্য পতনসহ আরো কিছু সমস্যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বজায় রাখতে আইএমএফকে সহযোগী আর্থিক নীতি ও কাঠামোগত সংস্কারের উপদেশ দিয়েছে।
চলতি বছর ভালো অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রবৃদ্ধি ৩.১ থেকে বৃদ্ধি পেয়ে ৩.৬ শতাংশ হবে। তবে চীন, রাশিয়া, ইউরো অঞ্চল এবং জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হবে। সূত্র: রয়টার্স।