পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

 
 
 
 
রাজনৈকিত অস্থিতিশীলতায় পুঁজিবাজারে টানা দরপতন চলছে। টানা চার কর্মদিবস দেশের উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও নেমে এসেছে তলানিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বড় দরপতন হয়েছে। দিনের শুরু থেকেই দরপতন শুরু হয়। শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮১ কোটি ৯২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২১৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের।

এ দিকে, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে আসন্ন মুদ্রানীতি বাজারবান্ধব করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে আরো ৯টি দাবি জানিয়ে বিনিয়োগকারীদের পক্ষ  থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—বর্তমান বাজারের প্রেক্ষাপটে সিআরআর ও এসএলআরের হার কমাতে হবে। এ ছাড়া, ব্যাংকগুলোর মোট দায়ের কমপক্ষে ১০ শতাংশ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সংক্রান্ত তথ্য মাসিক-ভিত্তিতে মনিটরিং না করে বার্ষিক ভিত্তিতে করতে হবে। পাশাপাশি একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় সীমা আরো পাঁচ বছর বাড়াতে হবে। ঋণাত্মক হিসাবগুলোকে পুনরায় লেনদেনযোগ্য করার অনুমোদন দিতে হবে। এ ছাড়া, ৫ শতাংশ সুদে আগামী পাঁচ বছর মার্জিন ঋণ দিতে হবে। ভালো লভ্যাংশ দেয়া কোম্পানিগুলোকে ট্যাক্স রিবেটের আওতায় আনতে ব্যবস্থা নিতে হবে। আর লভ্যাংশ না দেয়া কোম্পানিগুলোর ‍ওপর ট্যাক্স আরোপের ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে পুঁজিবাজার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে।