বাড়ল সোনা-রুপার দাম

কয়েক দফায় কমার পর আড়াই মাসের মাথায় বাড়ল  সোনার দাম। এবার প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনায় এক হাজার ৪৫৮ টাকা এবং অন্যান্য ক্যারেটের সোনায় এক হাজার ৪৯৩ টাকা করে বেড়েছে। পাশাপাশি, বাড়ছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা। এখন তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়।  অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে এ দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন মূল্যে সোনা-রুপা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা গেছে—সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৪ টাকা দরে। গত ৭ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত এ মানের সোনার বিক্রয়মূল্য ছিল ৪৪ হাজার ৫২১ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪২ হাজার ৪২১ টাকার বদলে ৪৩ হাজার ৯১৫ টাকা দরে বিক্রি হবে। ১৮ ক্যারেটের ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৭ হাজার ২৬৬ টাকায়। বুধবার পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৩৫ হাজার ৭৭৩ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি সোনা ২৪ হাজার ৮৬ টাকার বদলে ২৫ হাজার ৫৪৪ টাকায় বিক্রি হবে।
এ দিকে, সোনার পাশাপাশি বাড়ছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা। বৃহস্পতিবার থেকে বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।