শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কম

 
 
 
 
টানা চার কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক পতনের পর বৃহস্পতিবার কিছুটা বেড়েছে। তবে লেনদেন এখনো তলানিতে পড়ে আছে। লেনদেন হয়েছে ২২৩ কোটি টাকা। প্রায় ২০ শতাংশ কম। বাজার বিশ্লেষকরা বলছেন, তিন দিন ধরে দরপতনের পর বুধবারও বাজারে ব্যাপক বিক্রির প্রবণতার কারণে অনেক শেয়ারের দর তুলনামূলকভাবে কমে গেছে। তাই কিছু কিছু ক্ষেত্রে ক্রেতারা শেয়ার ক্রয় করেছেন। এদিকে, বাজারে লেনদেনের ক্ষেত্রে বস্ত্র ও ব্যাংকিং খাত ছিল শীর্ষে। এ দুই খাতে লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ২৪ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩ কোটি ৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৮৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৪১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।