‘উত্থান পতন থাকলেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল’

বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতি থাকলেও এদেশের অর্থনীতিতে গতিশীলতা রয়েছে। বিগত কয়েক বছরে ভালো অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিকতা রয়েছে। এখন প্রয়োজন এদেশের শ্রম শক্তিকে দক্ষ করে গড়ে তোলা, প্রযুক্তির আরো উন্নত ব্যবহার। সফররত ওয়েলস্ বাংলাদেশ চেম্বার অব কমার্স (ডব্লিউবিসিসি) এর বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা রবিবার এ মন্তব্য করেন। দু’দেশের বাণিজ্য সম্ভাবনা খুঁজতে ১৫ সদস্যের বৃটিশ ব্যবসায়ী প্রতিনিধিদল এখন ঢাকায় অবস্থান করছে। বাংলাদেশে সফর উপলক্ষে রবিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।
সফরকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন চেম্বার সভাপতি দিলাবর এ. হোসেন। তিনি জানান, এ নিয়ে দ্বিতীয় বারের মতো চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে। প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এবারের সফরকালে তারা গুরুত্ব দিচ্ছেন বিনিয়োগকারীদের মাঝে জ্ঞানভিত্তিক বিনিময়ের উপর। তাছাড়া বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা, সাশ্রয়ী জ্বালানী প্রযুক্তি, হাসপাতালে ব্যবহৃত উন্নত যন্ত্রপাতি, ঔষধ শিল্প, হিমায়িত খাদ্যসহ প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তরের বিনিয়োগ সম্ভাবনাও খুঁজে দেখবেন তারা। এ লক্ষে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথেও আলোচনা হবে।