বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের রেয়াতি শর্তের অর্থায়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) সঙ্গে ৩৭৫ মিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং আইডিএ’র পক্ষে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস জাট সোমবার চুক্তিতে স্বাক্ষর করেন।
ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ আইডিএ’র এ সহায়তার মেয়াদ ৩৮ বছর এবং সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ।
বিশ্বব্যাংক জানিয়েছে, এ প্রকল্পের আওতায় উপকুলীয় নয়টি জেলায় ৫৫২টি নতুন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় নির্মাণের পাশাপাশি ৪৫০টি বিদ্যমান কেন্দ্রের উন্নয়ন, সংযোগকারী সড়ক এবং যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা ১৪ মিলিয়ন মানুষ এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।
এ প্রকল্পের মাধ্যমে ইস্পাতের নকশার আশ্রয় কেন্দ্রের প্রচলন করা হবে। যে নয়টি জেলায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন করা হবে সেগুলো হলো- বরিশাল, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, পিরোজপুর এবং পটুয়াখালী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইয়োহানেস জাট বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তনের ফলে আহওয়ার চরম অবস্থা বারবার দেখা দিতে পারে। বাড়তে পারে এর তীব্রতা। এ পরিস্থিতিতে এ ধরনের প্রকল্প আশ্রয় কেন্দ্র নির্মাণ ও উন্নয়নের মাধ্যমে উপকুলীয় এলাকাবাসীদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সাহায্য করবে।