গত ২০১৪ সালে রেমিট্যান্স প্রেরণকারী প্রায় সব দেশ থেকেই রেমিট্যান্স বেড়েছে। সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিট্যান্স খুব বেশি না বাড়ার কারণে সার্বিক রেমিট্যান্সের বাড়ার পরিমানও খুব বেশি নয়।
গত বছর প্রবাসী বাংলাদেশিরা ১৪ দশমিক ৯৪ কোটি বিলিয়ন বা এক হাজার ৪৯৪ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। ২০১৩ সালে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩ দশমিক ৮৩ বিলিয়ন (এক হাজার ৩৮৩ কোটি) ডলার। আর তার আগের বছর ২০১২ সালে দেশে ১৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
দেশভিত্তিক রেমিট্যান্সের প্রতিবেদনে দেখা গেছে, রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আবর থেকে গত বছর ৩২৪ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছর এদেশ থেকে ৩০৪ কোটি ৫৩ লাখ ডলার এসেছিল। অর্থাত্ এক বছরের ব্যবধানে রেমিট্যান্সের প্রধান যোগানদাতা দেশ সৌদি আরব থেকে ২০ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। ২০১৪ সালের জানুয়ারিতে এদেশ থেকে ২৯ কোটি ২৫ লাখ ডলার এসেছে অথচ ২০১৩ সালের একই মাসে রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ১০ লাখ ডলার। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সৌদি আবর থেকে ৩২ কোটি ৭১ লাখ ডলার আসলেও গেল বছরের একই মাসে এসেছে মাত্র ২৬ কোটি ৮৭ লাখ ডলার। একইভাবে ২০১৪ সালের প্রথম দিকের মাসগুলোতে আগের বছরের একই সময়ের তুলনায় সৌদি আরবের রেমিট্যান্স কমেছে। তবে বছরের শেষে এসে আগের বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে এদেশের। একইভাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার ওমান, বাহারাইন, কুয়েত ও লিবিয়া থেকেও রেমিট্যান্স সামান্য পরিমান বেড়েছে। আর মধ্যপ্রাচ্যের দেশ ইরান থেকে ২০১৩ সালে কোন রেমিট্যান্স না আসলেও গেল বছরে সেদেশ থেকে চার লাখ ডলারের মত রেমিট্যান্স এসেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান থেকেও রেমিট্যান্স আসার পরিমাণ আগের বছরের তুলনায় অল্প পরিমান বেড়েছে।