আইন লঙ্ঘন করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 
 
 
 
সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য দুই স্টক ব্রোকার এবং একটি অতালিকাভুক্ত পাবলিক কোম্পানিকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।
ডিলার একাউন্টে ২০০৮-২০০৯, ২০০৯-২০১০ এবং ২০১২-২০১৩ আর্থিক বছরে কোনো লেনদেন না করা, কোম্পানির পরিচালককে মার্জিন ঋণ-সুবিধা প্রদান এবং গ্রাহকদের সমন্বিত হিসাবের পরিশোধযোগ্য পর্যাপ্ত তহবিল থেকে ২০ লাখ টাকা দিয়ে জেনারেটর ক্রয় করায় ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এ ছাড়া সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেড পরিচালক পর্ষদের সদস্য অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়া প্রধান আর্থিক কর্মকর্তাকে (সিএফও) কমপ্লায়েন্স অথরিটি হিসেবে নিয়োগ প্রদান, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান এবং মার্জিন ঋণের চুক্তি ছাড়া নগদ হিসাবে ঋণ প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এ এ রসায়ান শিল্প লিমিটেড চার বার পুঁজি উত্তোলন করেছে। এর মধ্যে প্রথম ও তৃতীয়বার কমিশনের অনুমতি ছাড়া পুঁজি উত্তোলন করে কমিশন থেকে ঘটনাত্তোর অনুমোদন নেয়। চতুর্থবার উক্ত কোম্পানি বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে পুঁজি উত্তোলন করে একটি মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে ঘটনাত্তোর অনুমোদন চেয়ে কমিশনে আবেদন করে। কোম্পানিটির এ ধরনের কাজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২এ-এর লঙ্ঘন। ফলে এ কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।