বিশ্বের প্রথম এআই প্রযুক্তির নারী সংবাদ পাঠিকা উন্মুক্ত করেছে চীন। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম সিনহুয়ায় আর আগে এআই সংবাদ পাঠক ছিল তবে গত মঙ্গলবার থেকে নারী সংবাদ পাঠিকা সংযুক্ত করেছে। সংবাদ মাধ্যমটির দাবি, এটিই বিশ্বের প্রথম এআই প্রযুক্তির নারী সংবাদ পাঠিকা।
সংবাদ উপস্থাপনে এখন থেকে এআই প্রযুক্তি ব্যবহার শুরু হতে চলেছে। মানব সংবাদ পাঠক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠক-পাঠিকার যৌথ উপস্থাপনায় অনেক সাজানো-গোছানো পরিবেশনা হয়েছে। গত বৃহস্পতিবার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ পাঠিকা ক্যামেরার টাইম, বিভিন্ন প্রসঙ্গে সংবাদের মধ্যে হাত নাড়ানোসহ সকল বিষয় খুব স্বচ্ছন্দে করতে পারে।
এর আগে, ২০১৮ সালে নভেম্বরে এআই প্রযুক্তির সংবাদ উপস্থাপক (পুরুষ) উন্মুক্ত হয়েছিল।
এই ‘সংবাদ উপস্থাপক’-এর চেহারা এবং গলার আওয়াজ পুরুষের মতোই। তার চেহারার অভিব্যক্তিও সত্যিকারের মানুষের মতোই। কৃত্রিম বুদ্ধিমত্তাটি বিভিন্ন সংবাদের ভিডিও দেখে নিজে শিখতে পারে এবং একজন পেশাদার সংবাদ উপস্থাপকের মতোই স্বাভাবিকভাবে সংবাদ পড়তে পারে। এই বুদ্ধিমত্তা যৌথভাবে বানিয়েছে সিনহুয়া এবং চীনা সার্চ ইঞ্জিন কোম্পানি সোগোউ ডটকম।
প্রথমবার উপস্থাপনার সময় কৃত্রিম সংবাদ উপস্থাপক খবর শুরু করে, ‘হ্যালো ইউ আর ওয়াচিং ইংলিশ নিউজ প্রোগ্রাম (হ্যালো, আপনারা দেখছেন ইংরেজি সংবাদ)। আমি আপনাদের সংবাদ জানাতে নিরলসভাবে কাজ করে যাব। আমি আপনাদের নতুন ধরনের সংবাদ অভিজ্ঞতা দিতে কাজ করছি।’ এই উপস্থাপক শুধু ইংরেজিতেই কথা বলতে পারে। তবে এর একটি ভিন্ন চেহারার চীনা ভার্সনও রয়েছে। এই সংবাদ উপস্থাপক কখনোই ক্লান্ত হবে না। এর ফলে যেকোনো সময় একে কাজে লাগানো হবে।
নিজের পরিচয় দিতে গিয়ে সংবাদ উপস্থাপক জানায়, ক্লান্তিহীনভাবে আপনাদের তথ্য দিয়ে যাব আমি। আমার সিস্টেমে যেসব তথ্য দেওয়া হবে একে একে সবই আপনাদের জানিয়ে দেব। সংবাদক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা দিতে এগিয়ে যাচ্ছি।
সিনহুয়া জানিয়েছে, এই ‘সংবাদ উপস্থাপক’ ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম। তার কোনো অলসতা নেই, কোনো ক্লান্তি নেই এবং কোনো বেতনও নেই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সংবাদ ব্যয় কমাবে বলে মনে করে সিনহুয়া।
সূত্র : সিনহুয়া