সহিংসতায় আবাসন খাতে রোজ ক্ষতি ৩৬ কোটি টাকা

 
 
 
 
রাজনৈতিক অস্থিতিশীলতায় আবাসন খাতে প্রতিদিন ৩৬ কোটি টাকার ক্ষতি হচ্ছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চলমান রাজনৈতিক সহিংসতা পরিহারের দাবিতে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান।
রিহ্যাবের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় দেশ এক চরম সংকটময় অবস্থায় উপনীত হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আবাসন খাতে প্রায় ৭৯২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে রাজনৈতিক প্রতিবাদের ভাষা পরিবর্তন করতে হবে।’
মো. ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘সহিংস পরিস্থিতির কারণে আবাসন ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়, মূল্য আদায় বা আর্থিক লেনদেন এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। চরম রাজনৈতিক অস্থিতিশীলতা থাকায় ব্যাংক ঋণের কিস্তি শোধ করতে পারছেন না আবাসন ব্যবসায়ীরা। কেবল আবাসন ব্যবসায়ীরাই নয়, তাদের ক্রেতারাও উচ্চ সুদে ঋণ নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। পরিস্থিতির উন্নতি না হলে ক্রেতা ও  ডেভেলপাররা এ সব ঋণ শোধ করতে পারবেন না। তিনি আরো বলেন, ‘অনেক দিন ধরেই আবাসন খাত নানা সমস্যার মুখোমুখি। এর মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতায় এ খাতের পরিস্থিতি এমন হয়েছে যে সরকারের সহায়তা প্রয়োজন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ সংকটের উত্তরণ অসম্ভব।’
ওয়াহিদুজ্জামান বলেন, ‘ব্যবসায়ের সার্বিক অবস্থা বিবেচনা করে ঋণ গ্রহণকারী ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর সুদ মওকুফসহ ব্যাংক ঋণ দুই বছরের জন্য পুনঃতফশিলিকরণ অপরিহার্য হয়ে পড়েছে।’
ওয়াহিদুজ্জামান আরো বলেন, ‘দেশে এভাবে রাজনৈতিক সহিংসতা বিদ্যমান থাকলে আবাসন খাতের ক্ষতি বেড়ে যাবে এবং ডেভেলপাররা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। এ খাতের সংশ্লিষ্ট অন্য ব্যবসায়ীরাও ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়বেন। এতে  দেশের অর্থনীতি চরম হুমকির মুখে পড়ে যাবে।’