অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় গঠিত তহবিলের অর্থ ব্যবহারে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে এখন থেকেই ব্যবস্থা নেয়া জরুরি।
বুধবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় গঠিত আন্তর্জাতিক তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে অর্থ সংগ্রহে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতির ওপর আয়োজিত দু’দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক হেলা চিখিরুউ বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে জিসিএফ-তহবিলের আকার ২শ’ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। এই তহবিলের একটি অংশ বাংলাদেশও পাবে। কারণ জলবায়ু পরিবর্তনজনিত কারণে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
জিসিএফ-এর কর্মপরিকল্পনা তুলে ধরে নির্বাহী পরিচালক হেলা চিখিরুউ বলেন, আগামী বছর থেকে ক্ষতিগ্রস্ত দেশসমূহে জিসিএফ তহবিলের অর্থায়ন শুরু হবে বলে আশা করছি। কর্মশালায় জানানো হয়, জিসিএফ বাস্তবায়ন প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। কর্মশালায় জিসিএফ-এ প্রবেশের জন্য বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। জিসিএফ থেকে তহবিল প্রাপ্তিতে বাংলাদেশের আগ্রহ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের নীতি, কৌশল ও পরিকল্পনা এবং জিসিএফ’র অর্থায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।