সবুজায়ন নগরকে করবে সুন্দর ও পরিবেশবান্ধব

বাংলাদেশ দেখবে জামালখান, ষড়ঋতুর স্বদেশ— শ্লোগানে নান্দনিক সাজে সাজানো হয়েছে নগরীর কাজীর দেউড়ি থেকে লাভ লেইন সড়কের আইল্যান্ডকে। মঙ্গলবার কাজির দেউড়ি মোড়ে নতুন সাজে এই আইল্যান্ড উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম. নাছিরউদ্দীন।

উদ্বোধনকালে মেয়র বলেন, এই শহর আমার, আপনার সকলের। একে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নগরীর কর্পোরেট হাউজ, নাগরিক সমাজ, বিত্তবান মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম, ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের প্রিয় নগরীকে সবুজায়নে ভরিয়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, নগরীর প্রতিটি বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র সুবজায়নের কোনো বিকল্প নেই। এই সবুজায়ন নগরকে করবে সুন্দর ও পরিবেশ বান্ধব।

জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সুনীল সরকার, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, চসিক নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম প্রমুখ।

অস্ত্রসহ দুই যুবক আটক

চট্টগ্রামে একটি ওয়ান শ্যুটার অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন, মোর্শেদুল আলম ও মো. আব্দুল আজিজ। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে সংবাদ পেয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

শ্যামলী আবাসিকে স্কুল

ছাত্রের আত্মহত্যা

নগরীর পাঁচলাইশ থানার শ্যামলী আবাসিক এলাকাস্থ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। তার নাম আবরার মাহমুদ (১৩)। সে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার জানায়, গত মঙ্গলবার বিকাল ৩টায় ঐ ছাত্রকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন দেখা গেছে। আবরার মাহমুদের পিতা মোঃ নূর নবী দুবাই প্রবাসী। মা সুলতানা রাজিয়া একটি মাদ্রাসার শিক্ষক। তার বড় বোন কলেজ ছাত্রী। তাদের গ্রামের বাড়ি হাটহাজারীর ছিপাতলীতে। তবে কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।