পুঁজিবাজারের দরপতন চলছেই

পুঁজিবাজারের সূচক ও লেনদেন নিম্নমুখী ধারাতেই রয়ে গেছে। বৃহস্পতিবার দেশের দুটি পুঁজিবাজারেরই সূচক কমেছে। গত ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৫ হাজার ৯৫৬ পয়েন্ট থেকে কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে চলে এসেছে। লেনদেন নেমে এসেছে দুইশ’ কোটি টাকায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই পরিস্থিতি দেখা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। ফলে বিনিয়োগ কম হচ্ছে। এতে বাজারের সূচক ও লেনদেন কমে গেছে।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৬ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ২৯ লাখ টাকা কম।
লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৮টির কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।