আয়কর আদায়ের লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। স্ব স্ব কর অঞ্চলকে দেয়া লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা, কর ফাঁকিবাজদের করের আওতায় আনারও নির্দেশনা দেয়া হয়েছে। দুই একটি কর অঞ্চল বাদে বাদবাকি অঞ্চলগুলো তাদের করের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে এ সময় চেয়ারম্যানকে জানিয়েছেন। তিনিও ভালো কাজের জন্য পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তির কথা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার সব কর অঞ্চলের কমিশনার সাথে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। বৈঠকে এসব প্রসঙ্গ উঠে আসে। বৈঠকে সব কর কর অঞ্চলের কমিশনার ছাড়াও আয়কর বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরে দায়িত্ব গ্রহণের পর এটাই কমিশনারদের সাথে তার প্রথম বৈঠক।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। এর মধ্যে আয়কর থেকে আদায়ের লক্ষ্য রয়েছে ৫৭ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম ছয় মাসে আয়কর আদায় হয়েছে ১৯ হাজার ১৪৫ কোটি টাকা। বাকী ছয় মাসে আদায় করতে হবে ৩৭ হাজার ৮৫৫ কোটি টাকা।
চলমান অস্থিরতায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তবে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, লক্ষ্য অর্জন হবে। প্রয়োজনে এ জন্য নতুন কর্মকৌশল গ্রহণ করা হবে।